সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গন মার্কেটের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত এমদাদুল হক শাহজাহানের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা চেয়েছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জ সদর থানার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হামলায় জড়িত কয়েকজনকে ‘কিশোর গ্যাং’-এর সদস্য হিসেবে উল্লেখ করে তাদের ছবি প্রকাশ করা হয়। পাশাপাশি হামলাকারীদের অবস্থান ও পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় পূর্ব সুলতানপুরের সৈয়দ আলীর ছেলে জুনাব আলী (৫৫), তাঁর ছেলে শ্রাবণ (২১), হাছননগরের মুহিবুর রহমানের ছেলে সায়মন (২০) এবং সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা বুরহান উদ্দিনের ছেলে হিমেলসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তাদের অবস্থান বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশের দেওয়া ০১৩২০১২০৭৯০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রিয়াঙ্গন মার্কেটের সামনে এমদাদুল হক শাহজাহানের ছেলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে শাহজাহান নিজেও হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে সুনামগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।