প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৪৬ (শুক্রবার)
নিউইয়র্ক টাইমসের সেরা ৫০ রেস্তোরাঁয় বাংলাদেশি ‘কড়াই কিচেন’

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রভাবশালী দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর বছরের সেরা ৫০টি রেস্তোরাঁ বা ‘রেস্টুরেন্ট লিস্ট ২০২৪’-এ মর্যাদাপূর্ণ স্থান করে নিয়েছে বাংলাদেশি খাবারের রেস্তোরাঁ ‘কড়াই কিচেন’। নিউ জার্সির জার্সি সিটিতে অবস্থিত এই ক্ষুদ্র ভোজনালয়টি এখন বিশ্বমঞ্চে খাঁটি বাংলাদেশি স্বাদের প্রতিনিধি হিসেবে সমাদৃত।

মা নূর-ই গুলশান রহমান এবং মেয়ে নূর-ই ফারহানা রহমানের যৌথ প্রচেষ্টায় পরিচালিত এই রেস্তোরাঁটি মূলত ঘরোয়া স্বাদের বাংলাদেশি খাবারের জন্য পরিচিত।

নিউইয়র্ক টাইমসের পর্যালোচনায় বিশেষভাবে উঠে এসেছে তাদের সততা ও স্বকীয়তার কথা। রেস্তোরাঁটির কাঁচের দেয়ালে একটি স্পষ্ট ঘোষণা লেখা থাকে- ‘এখানে চিকেন টিক্কা মাসালা নেই’। মূলত ভারতীয় বা দক্ষিণ এশীয় খাবারের চেনা ছক ভেঙে খাঁটি বাংলাদেশি রসুইঘরের স্বাদ তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

২০১৮ সালে যাত্রা শুরু করা ‘কড়াই কিচেন’ মূলত টেক-আউট এবং ডেলিভারি সেবার জন্য পরিচিত হলেও সপ্তাহান্তে এখানে বিশেষ আয়োজন থাকে। প্রতি শুক্র ও শনিবার রাতে তারা ‘আম্মার দাওয়াত’ নামে তিন ঘণ্টা ব্যাপী আট পদের এক রাজকীয় নৈশভোজের আয়োজন করে। সরিষার তেল ও কাঁচা মরিচের ঘ্রাণে সুবাসিত তাদের প্রতিটি পদ এবং প্রতিটি ভাতের দানায় থাকে নিপুণ যত্নের ছাপ। এই অভিজ্ঞতাই ভোজনরসিকদের মন ও পেট উভয়ই ভরিয়ে দিচ্ছে বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস।

উল্লেখ্য, আন্তর্জাতিক স্বীকৃতি কড়াই কিচেনের জন্য নতুন নয়। এর আগে এনজে ডটকমের নিউ জার্সির সেরা ৯৯টি রেস্তোরাঁর তালিকায় শীর্ষস্থান দখল করেছিল এই প্রতিষ্ঠানটি।

নিউ জার্সির অন্যান্য রেস্তোরাঁর মধ্যে এর আগে ‘চাটপাটি দিল্লি’ ও ‘সুইট আমালিয়া মার্কেট’ এই তালিকায় স্থান পেয়েছিল।

এ বছর শিকাগোর ‘ক্রিপিজ’ এবং ফিলাডেলফিয়ার ‘বোম্ব বোম্ব’-এর মতো বিখ্যাত সব প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে সেরার তালিকায় জায়গা করে নিল বাংলাদেশের এই গৌরবময় নাম।