মৌলভীবাজারের কমলগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনের বাঁশঝোপ থেকে এয়ারগান দুটি উদ্ধার করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসআরবি-৯-এর একটি দল আদমপুর বাজারে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনে বাঁশঝোপে এয়ারগান রাখা থাকার খবর পায় দলটি।
খবর পেয়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে এসআরবি-৯-এর সদস্যরা সেখানে পৌঁছে তল্লাশি চালান। একপর্যায়ে দোকানের পেছনের বাঁশঝোপ থেকে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দুটি এয়ারগান উদ্ধার করা হয়।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এয়ারগান দুটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। কারা সেখানে এয়ারগান দুটি রেখেছিল, তা জানতে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা এয়ারগান দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ইমজা / কেএম