প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৮ (শনিবার)
সিলেটে আন্তর্জাতিক ফুট ও অ্যাঙ্কেল সার্জারি কোর্স

ছবি: সংগৃহীত

সিলেটে অনুষ্ঠিত হচ্ছে ফুট ও অ্যাঙ্কেল সার্জারি বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স। ব্রিটিশ অর্থোপেডিক ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সোসাইটির আয়োজনে তিন দিনব্যাপী এ কোর্সে অংশ নিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষণরত সার্জনরা।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ‘প্রিন্সিপলস অব ফুট অ্যান্ড অ্যাঙ্কেল সার্জারি’ শীর্ষক বিশেষায়িত এ কোর্স।

উচ্চতর প্রশিক্ষণরত সার্জন ও নতুন কনসালট্যান্টদের জন্য আয়োজিত ৫৫তম গ্লোবাল ও ৩য় বাংলাদেশ কোর্সে ফুট ও অ্যাঙ্কেল সার্জারির আধুনিক চিকিৎসাপদ্ধতি, রোগ নির্ণয় এবং অস্ত্রোপচারের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ডা. আসাদুজ্জামান টিপুর পরিচালনায় আয়োজিত এ কোর্সে প্রধান বিদেশি বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছেন ড. ক্যারোলিন চ্যাডউইক ও ড. জো মিলার্ড।

কোর্সে অংশগ্রহণকারী চিকিৎসকদের আধুনিক চিকিৎসা পদ্ধতি ও আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্রোপচার কৌশল সম্পর্কে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান দেওয়ার পাশাপাশি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

আয়োজকদের আশা, আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থোপেডিক সার্জনদের দক্ষতা আরও বাড়বে। একই সঙ্গে দেশে ফুট ও অ্যাঙ্কেল সার্জারির বিশেষায়িত চিকিৎসাসেবার মান উন্নয়নে এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।