প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৪ (শনিবার)
একাদশে ভর্তি: সিলেটের ১০ কলেজে একজনও আবেদন করেনি

ছবি: সংগৃহীত

সিলেট শিক্ষাবোর্ডের অধীনে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে চরম শিক্ষার্থী সংকটে পড়েছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব কলেজে একজন শিক্ষার্থীও ভর্তির জন্য আবেদন করেনি। গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থীশূন্য কলেজের সংখ্যা দ্বিগুণ হয়েছে; গত বছর এই সংখ্যা ছিল পাঁচটি।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী না পাওয়া ১০টি প্রতিষ্ঠানের মধ্যে সিলেট জেলার দুটি, সুনামগঞ্জের দুটি, মৌলভীবাজারের দুটি এবং হবিগঞ্জ জেলার চারটি কলেজ রয়েছে।

বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম জানান, বিভাগের চার জেলায় মোট ৩৪৯টি কলেজের মধ্যে এই ১০টি প্রতিষ্ঠানে কোনো আবেদন পড়েনি। তবে এই তালিকায় থাকা সবগুলোই স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান।

শিক্ষার্থীশূন্য কলেজগুলোর মধ্যে রয়েছে- সিলেটের বিশ্বনাথের আশুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও জৈন্তাপুরের রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজ। সুনামগঞ্জের দিরাই উপজেলার চনারচর এসইএসডিপি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ও দোয়ারাবাজারের মিতালী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মৌলভীবাজারের কুলাউড়ার রাউতগাঁও হাই স্কুল অ্যান্ড কলেজ ও শ্রীমঙ্গলের রেনার হাই স্কুল অ্যান্ড কলেজ।

এছাড়া হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাজী আব্দুল হেকিম স্কুল অ্যান্ড কলেজ, বাহুবলের মানবকল্যাণ হাই স্কুল অ্যান্ড কলেজ, মাধবপুরের প্রেমদাময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ ও একই উপজেলার ডা. মহিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ।

অন্যদিকে, বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১ লাখ ৪৩ হাজার ৫৬০টি আসনের বিপরীতে প্রথম ধাপে আবেদন করেছিলেন ৪৮ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪৭ হাজার ৮৮১ জন কলেজ পেলেও ৪৫৫ জন শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানেই আসন বরাদ্দ পাননি।

আসন না পাওয়া শিক্ষার্থীদের বিষয়ে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, যারা প্রথম ধাপে কলেজ পায়নি তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাদের জন্য পুনরায় আবেদনের সুযোগ দেওয়া হবে এবং প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হওয়ার পর এই বিশেষ সুযোগ কার্যকর হবে।