প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৮ (শনিবার)
বেশ কয়েকটি স্থানে কক/টেল বি/স্ফো/রণ: বাসে আ গু ন

রাজধানীর বিভিন্ন এলাকায় একইদিনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাফরুলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনভর ও রাতে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১৪ মিনিটের দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

পরে যাত্রাবাড়ী এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় এলাকায় যানবাহন ও মানুষের চলাচল ছিল। পরপর বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে আশপাশের দোকান ও ভবনে আশ্রয় নিতে দেখা যায়।

রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের সড়কেও জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বিটিভি ভবনের সামনে বিপরীত পাশের সড়কে এ বিস্ফোরণ ঘটে, যা হাতিরঝিল থানার আওতায় পড়ে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে রাত ৮টার দিকে বাবুবাজার সেতুর নিচে একটি মাজারের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়। এরপর রাত ৯টার পর মগবাজার চৌরাস্তা এলাকায় একটি মসজিদের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে বিভিন্ন স্থানে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।