প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫১ (শনিবার)
সিলেটের যেসব স্থানে লাগাতে হবে সৌরবিদ্যুৎ: নির্দেশনা জারি

সিলেট জেলা পরিষদের আওতাধীন ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের ১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে জারি করা চিঠিটি দেশের সকল জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের অধীনস্থ স্থাপনাগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এর মধ্যে জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো, হাট-বাজারসহ বিভিন্ন অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিটি স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এ কাজে বার্ষিক উন্নয়ন কর্মসূচি অথবা রাজস্ব তহবিলের অর্থ ব্যয় করা যাবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব চাহিদা পূরণের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে। নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়া যাবে, যা জেলা পরিষদগুলোর রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

নির্দেশনায় স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে উদ্যোগ নিতে বলা হয়েছে। অন্যদিকে, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয় এমন জেলা পরিষদগুলো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় রুফটপ সৌর কর্মসূচি বাস্তবায়ন করবে।

সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে অন্তত ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে জেলা পরিষদগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।