প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৫ (শনিবার)
তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হ/ত্যা, হাসপাতালে বাবা

সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুকে বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এতে দুই ছেলে ও এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় বাবাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো রজনীলাইন গ্রামের শরাফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে তামিম হাসান (৭) ও শামিম মিয়া (২)। তাদের বাবা শরাফত আলী বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, মাদক ও জুয়ায় আসক্ত শরাফত আলী খাবারের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের খাওয়ান এবং পরে নিজেও বিষপান করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শরাফত আলী তিন সন্তানকে নিয়ে বড়ছড়া বাজারে যান। ফেরার পথে খাবার নিয়ে বাড়ি যান। ধারণা করা হচ্ছে, ওই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের খাওয়ানো হয়।

ভোরের দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে প্রথমে বাদাঘাট বাজারের একটি চিকিৎসাকেন্দ্রে এবং পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফৌজিয়া জানান, রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সকাল ৭টা ২০ মিনিটের দিকে তাদের হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তিন শিশু আগেই মারা গেছে। পরে শরাফত আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ বলেন, তিন শিশুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।