ছবি: সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন বাঘা ইউনিয়নবাসী। বালুখেকো চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে ঘরবাড়ি ও ফসলি জমিসহ জনগুরুত্বপূর্ণ একাধিক প্রতিষ্ঠান চরম ঝুঁকির মুখে পড়ায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সেপ্টেম্বর) বাঘা গোলাবনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে ও মাওলানা মোশাররফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে সুরমা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন করে আসছে। বিশেষ করে বাঘা মাদ্রাসার আশপাশ এবং কান্দিগাঁও খেয়াঘাট এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু তোলায় বাঘা গোলাবনগর মাদ্রাসা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ভবনসহ জনবসতি এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।’
আসন্ন শুষ্ক মৌসুমে নদী ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা আরও অভিযোগ করেন, ‘গত ৭ সেপ্টেম্বর অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। বরং বালুখেকো চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।’
বক্তারা অবিলম্বে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, বিএনপি নেতা আব্দুর কাদের সেলিম, নজরুল ইসলাম কলিম, মুক্তিযোদ্ধা দল নেতা জামাল আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা ফুজায়েল আহমদ।