প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৪ (রবিবার)
ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু কাল

ছবি: ইমজা নিউজ

বালক-বালিকাদের ২৭ দল নিয়ে শুরু হচ্ছে ঢাকা মেট্রো স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপ–২০২৬।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন (বিভিএফ) ও বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের (বিএসএসএ) যৌথ ব্যবস্থাপনায় আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হবে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা।

রোববার বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের আসরে বালক বিভাগে ১৫টি এবং বালিকা বিভাগে ১২টি দলসহ মোট ২৭টি স্কুল দল অংশ নিচ্ছে। স্কুল পর্যায়ে ভলিবলের প্রসার ঘটানো এবং সম্ভাবনাময় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার সুযোগ তৈরি হলে ভলিবলে নতুন খেলোয়াড় উঠে আসার পাশাপাশি দেশের ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের পথও আরও বিস্তৃত হবে।

পাঁচ দিনব্যাপী এ আয়োজনে অংশ নেওয়া সব দল, খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতাটি স্কুল পর্যায়ে ভলিবলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি ঢাকার স্কুলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।