ছবি: সংগৃহীত
সিলেটসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে রাতভর তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বায়ুমণ্ডলে অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় দেশের ৩৭টি জেলায় আবহাওয়ার এই উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে বলে জানানো হয়েছে।
সংস্থার তথ্যানুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার দুপুর ১২টার মধ্যে পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক স্থানে সাময়িকভাবে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানায়, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনাসহ ৩৭টি জেলা ও পার্শ্ববর্তী এলাকায় সাময়িকভাবে দমকা বাতাসের পাশাপাশি ১ থেকে ৩ দফায় তীব্র বজ্রপাত হতে পারে। এছাড়া উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগে রোববার দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের বিস্তার ঘটার সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। জনসাধারণকে প্রতিকূল আবহাওয়ায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।