মো. হাবিবুল্লাহ নাঈম
রাজধানীর খিলক্ষেত থেকে মো. হাবিবুল্লাহ নাঈম (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বাসায় ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়ার পর মায়ের বকাঝকায় রাগ করে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে দাবি করেছেন, নাঈম তাদের হেফাজতে রয়েছে। ফোনে শিশুটির কান্নার শব্দও শোনা গেছে বলে জানিয়েছে পরিবার।
গেলো বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুলরোড এলাকার ভাড়া বাসা থেকে বের হয় নাঈম। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
নাঈমের মা মোছা. শরীফা খাতুন এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি শিশুটিকে উদ্ধারের জন্য এসআরবি (র্যাব) ও ডিবি পুলিশের কাছে আবেদন করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, নাঈমের বাবা মো. বাবুল ইসলাম এবং মা মোছা. শরীফা খাতুন। তাদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তারা খিলক্ষেতের কুড়িটোলা স্কুলরোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।
নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, বৃহস্পতিবার বিকেলে ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এ নিয়ে মা তাকে বকাঝকা করলে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় সে। এরপর আর বাসায় ফেরেনি।
পরিবারের পক্ষ থেকে এসআরবির কাছে করা আবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনে অজ্ঞাত ব্যক্তি দাবি করেন, নাঈম তাদের হেফাজতে রয়েছে। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যায়।
ওই ব্যক্তি আরও দাবি করেন, নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখা হয়েছে। পরে শিশুটি ‘হাজি বাড়ি ক্যাম্প এলাকায়’ রয়েছে বলে জানিয়ে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে ফোন করে দেওয়া তথ্যের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
পরিবারের সদস্যরা নাঈমের সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবার সহযোগিতা কামনা করেছেন।