সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
এসএমপি সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে এসব ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশে আটক ব্যক্তিরা রয়েছেন।
অভিযানে ৩০ পিস ইয়াবা এবং ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় চকলেট, ক্রিম ও মেহেদি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭৪টি যানবাহন আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় এসএমপি।