প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৭ (রবিবার)
জিন্দাবাজারের জুতার দোকানে এ কেমন প্রতারণা!

সিলেট নগরীর জিন্দাবাজারে জুতার দোকান ‘স্টেপ’-এ অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পেয়ে সেটি সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মিতালি ম্যানশনে এ অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান চলাকালে দোকানটির লাইসেন্স, লোগো, ক্যাশমেমোসহ বিভিন্ন নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি পাওয়া যায়। যাচাইয়ে দেখা যায়, ‘স্টেপ’ নাম ব্যবহার করলেও প্রতিষ্ঠানটি নিজেদের বৈধ কাগজপত্র না দেখিয়ে ‘পায়ে পায়ে’ নামের আরেকটি জুতার দোকানের লাইসেন্স ও ক্যাশমেমো ব্যবহার করে আসছিল।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদে দোকান কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় অনিয়ম ও প্রতারণার অভিযোগে দোকানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে বৈধ ও হালনাগাদ কাগজপত্র জমা দিতে পারলে যাচাই-বাছাই শেষে দোকানটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিলগালার বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।