মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামী ২২ সেপ্টেম্বর সিলেট সফরে আসছেন। এক দিনের সফরে তিনি সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং সিলেট মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ২০ সেপ্টেম্বর জারি করা সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা হবেন তিনি।
সকাল ১১টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিলেটে তাঁর সফর শুরু হবে।
সকাল ১১টায় লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে নগরীর জিন্দাবাজারে সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সিলেট সিটি করপোরেশন ও সিলেট সদর উপজেলা আয়োজিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।
বিকেল ৪টায় সিলেট প্যাকিং হাউস কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্পের প্রধান সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। সভাটি সিলেটের সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টা ৩০ মিনিটে একই স্থানে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিচালনা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের শেষ পর্যায়ে সন্ধ্যা ৬টায় সিলেট মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী। সভাটি সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
রাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়বেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সফরসূচিতে মন্ত্রীর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা তোফায়েল আহমেদ ও ব্যক্তিগত সহকারী রনি পাল সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে।