ছবি: সংগৃহীত
বগুড়া শহরের গোদারপাড়ায় বর্জ্যের ভাগাড়ে পড়ে থাকা একটি বস্তাভর্তি জাল টাকা কুড়িয়ে নিয়ে গেছেন স্থানীয়রা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করেছে।
স্থানীয়রা জানান, সকালে বর্জ্যের ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সেখানে লোকজন জড়ো হন। বস্তার ভেতরে টাকা দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে কুড়িয়ে নিয়ে বাড়ি চলে যান। পরে জানা যায়, বস্তায় থাকা টাকাগুলো জাল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বস্তাটিতে ৫০০ ও ১ হাজার টাকার নোট ছিল। নোটগুলোর পেছনে ছোট করে ইংরেজিতে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, বস্তাটিতে বিপুল পরিমাণ জাল টাকা ছিল, যার পরিমাণ প্রায় এক কোটি টাকা হতে পারে। তবে পুলিশ এখনো জাল টাকার মোট পরিমাণ নিশ্চিত করেনি।
জাল টাকার নোট ছড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তাটি কোথা থেকে এসেছে এবং কারা সেখানে ফেলে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। টাকার পেছনে ছোট করে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে।
তিনি আরও বলেন, জাল টাকার উৎস এবং কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।