প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৭ (রবিবার)
সিলেটে দুর্গাপূজার মণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সিলেটের বালাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গেলো শনিবার রাতে উপজেলার পশ্চিম বাজার নবীনগর সার্বজনীন পূজামণ্ডপে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইদুজ্জামান শিমুল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যবর্তী সময়ে অভিযুক্ত শিমুল হঠাৎ মণ্ডপে প্রবেশ করে হাতে থাকা বটি দিয়ে প্রতিমাগুলোকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়।

বিষয়টি টের পেয়ে মন্দির কমিটির সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিমুলকে আটক করে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে শিমুলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ভাঙচুরে ব্যবহৃত বটিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে

 এই ঘটনায় মন্দির কমিটির সভাপতি লাল মোহন দাস নান্টু বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

রোববার (৬ অক্টোবর) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিমুলকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বর্তমানে মণ্ডপ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।