প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৪ (সোমবার)
ব্রিক লেন কারি ফেস্টিভ্যালে ঐতিহ্য ও কমিউনিটির মিলনমেলা: টাওয়ার হ্যামলেটস স্পিকার

যুক্তরাজ্যের লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুশতাক আহমদ বলেছেন, ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল ২০২৬ শুধু একটি উৎসব নয়, এটি খাবার, ঐতিহ্য, ব্যবসা ও কমিউনিটির এক অনন্য মিলনমেলা।

উৎসব উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার হিসেবে বাসিন্দা ও দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের স্বাগত জানাতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন।

তিনি আরও বলেন, ব্রিক লেনের ইতিহাস গড়ে উঠেছে প্রজন্মের পর প্রজন্মের মানুষের ত্যাগ, সাহস ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। এই এলাকার প্রতিটি স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে সেই ইতিহাস ও উত্তরাধিকার আজও জীবন্ত।

উৎসব সফল করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, বাংলাটাউন বিজনেস অ্যাসোসিয়েশন, ব্রিক লেন কমিউনিটি ফোরামসহ সংশ্লিষ্ট সব রেস্তোরাঁ মালিক, ব্যবসায়ী, শিল্পী, পরিবেশক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

মুশতাক আহমদ বলেন, ব্রিক লেন কেবল একটি সড়ক নয়, এটি একটি ঐতিহ্যের প্রতীক এবং কমিউনিটির পরিচয়ের অংশ। টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসা ও গর্ব করার আহ্বান জানান তিনি।