প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫১ (সোমবার)
সিলেটে ডেঙ্গুতে নতুন শনাক্ত ৯, মোট আক্রান্ত ৩৩৪

সিলেট বিভাগে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৪ জনে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন ডেঙ্গুরোগী।

জেলা ভিত্তিক হিসাবে চলতি বছর সর্বোচ্চ আক্রান্ত হবিগঞ্জে ১৩৯ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৬ জন, সিলেটে ৭১ জন এবং মৌলভীবাজারে ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্য জেলা থেকে এসে চিকিৎসা নিয়েছেন ১২ জন রোগী।

বর্তমানে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চলতি মাসে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছলিমা বেগম (৬০) মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) ডেঙ্গুতে মারা যান।