প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৩৪ (সোমবার)
তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর সারা দেশে বাসভাড়া সমন্বয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে আয়োজিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছে। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ২০ পয়সা।

একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার দাবি জানানো হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহমেদ খোকন সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খরচ কয়েক গুণ বেড়েছে। এ অবস্থায় বাসভাড়া সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে।

তিনি জানান, ভাড়া সমন্বয়ের বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে সরকারি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে তাঁরা আশা করছেন।

তবে বৈঠকে দেওয়া প্রস্তাবই চূড়ান্ত ভাড়া নয়। বাসভাড়া কত হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও সরকারি প্রজ্ঞাপন জারির পরই নতুন ভাড়া কার্যকর হবে।