ছবি: সংগৃহীত
সিলেট নগরীর মীরবক্সটুলা এলাকায় অনুমোদনহীন বিদেশি ওষুধ ও বেবি ফুড বিক্রির দায়ে তিন ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, এদিন বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মীরবক্সটুলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে তদারকি চালায় জেলা প্রশাসনের একটি দল। এসময় অনুমোদনহীন ও আমদানিনিষিদ্ধ ওষুধ এবং শিশুখাদ্য (বেবি ফুড) বিক্রির প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে দণ্ডিত করা হয়। এর মধ্যে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার টাকা, লয়েডস মেডিকেলকে ১৫ হাজার টাকা এবং সাফওয়ান মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা। তিনি জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত তদারকি আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।