ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তিনি এ পর্বে অংশ নেন।
এর আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত ঐতিহ্যবাহী স্বাগত প্রাতরাশে সস্ত্রীক অংশ নেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাঁদের সঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।
প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা তাঁদের সহধর্মিণীদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে সেখানে অংশ নেন এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রাতরাশ শেষে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে যোগ দেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের ঊর্ধ্বতন সদস্যরাও উপস্থিত ছিলেন। সাধারণ বিতর্কে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ২৮ সেপ্টেম্বর আবার অনুষ্ঠিত হবে। এবারের অধিবেশনের প্রতিপাদ্য- ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। সরকারি সূত্র অনুযায়ী, তিনি বাংলায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে জাতিসংঘের এই উচ্চপর্যায়ের ফোরামে এটি প্রথম অংশগ্রহণ।