ছবি: সংগৃহীত
সিলেট-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনে যাত্রীদের ক্রমবর্ধমান চাপ ও আসন সংকট কমাতে অতিরিক্ত কোচ সংযোজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এক মাস এ বিশেষ ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। এতে সিলেট থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে সিলেটগামী কয়েকটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত আসন যুক্ত হবে।
রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের নথিপত্র থেকে এ তথ্য জানা গেছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-সিলেট রুটে যাত্রীদের চাপ বিবেচনায় নিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ যুক্ত করার প্রস্তাব তৈরি করা হয়েছে। যাত্রীসেবার মানোন্নয়ন এবং আসন সংকট কিছুটা কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রস্তাব অনুযায়ী, পারাবত এক্সপ্রেস (৭০৯-৭১০) ট্রেনে একটি অতিরিক্ত এসি চেয়ার কোচ যুক্ত করার কথা রয়েছে। এছাড়া জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) ও উপবন এক্সপ্রেস (৭৪০)-এ একটি করে অতিরিক্ত শোভন চেয়ার কোচ সংযোজনের প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে কালনী এক্সপ্রেস (৭৭৩-৭৭৪) ট্রেনেও একটি অতিরিক্ত শোভন চেয়ার কোচ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উপবন ও জয়ন্তিকা এক্সপ্রেসের অপর দুই ট্রিপে। প্রস্তাব অনুযায়ী, উপবন এক্সপ্রেস (৭৩৯) ও জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)-এ একটি করে এসি চেয়ার এবং একটি করে শোভন চেয়ার কোচ যুক্ত করা হবে। অর্থাৎ প্রতিটি ট্রেনে মোট দুটি অতিরিক্ত কোচ সংযোজনের প্রস্তাব রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষের আশা, এক মাসের এই বিশেষ ব্যবস্থা কার্যকর হলে ঢাকা-সিলেট রুটে যাত্রীদের আসন সংকট কিছুটা কমবে এবং অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দেওয়া সম্ভব হবে। এতে এ রুটে চলাচলকারী যাত্রীদের ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।