প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:১৯ (মঙ্গলবার)
দ্বিতীয় বিভাগ ভলিবলে নতুনদের ডাক, বাছাইপর্বে আবেদন আহ্বান

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের বাছাইপর্বে অংশগ্রহণের জন্য আগ্রহী ক্লাব, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কাছে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন (বিভিএফ)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ কমিটির সদস্য সচিব মো. আব্দুল মুমিন সাদ্দাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাছাইপর্বে অংশগ্রহণের মাধ্যমে যোগ্যতা অর্জনকারী দলগুলো দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এ জন্য ঢাকা মহানগরীর আগ্রহী ক্লাব, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোকে আগামী ১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ লেটারহেড প্যাডে আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে ৫০ হাজার টাকা আবেদন ফি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের নামে ব্যাংক চেক অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে ক্লাব, সংস্থা বা প্রতিষ্ঠানের গঠনতন্ত্রের কপি, সাধারণ পরিষদের তালিকা, কার্যনির্বাহী পরিষদের তালিকা, ব্যাংক হিসাবের প্রমাণপত্র (এমআইসিআর চেকের ছায়াকপি) এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাছাইপর্বে উত্তীর্ণ দলগুলোকে দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের মূল পর্বে অংশগ্রহণের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা এন্ট্রি ফি দিতে হবে।

বাছাইপর্বে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনকারী সর্বোচ্চ ৮টি দল দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।