প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৬ (মঙ্গলবার)
সিলেটে ছোটমণি নিবাসে লায়ন্স ক্লাব সুরমার মানবিক উদ্যোগ

ছবি: সংগৃহীত

নতুন পোশাক, রঙিন খেলনা আর পুষ্টিকর খাদ্যসামগ্রী পেয়ে আনন্দে মেতে উঠেছে সিলেট নগরীর বাগবাড়ি সরকারি শিশু পরিবার (ছোটমণি নিবাস) এর সুবিধাবঞ্চিত শিশুরা। মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের হাতে এসব উপহার তুলে দিয়েছে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ছোটমণি নিবাস প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ খাদ্যসামগ্রী, নতুন বস্ত্র ও খেলনা বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন সানজিদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লায়ন্স জেলা ৩১৫বি-১-এর জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, এমজেএফ।

অনুষ্ঠানে বক্তব্য দেন লায়ন আসমা কামরান, লায়ন নাজনীন হোসেন, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সেলিনা বাসিত এবং ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) জাহানারা বেগম।

বক্তারা বলেন, ছোটমণি নিবাসের শিশুরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে এসব শিশু নিজেদের একা ভাববে না।

তারা বলেন, শিশুদের আনন্দ দিতে পেরে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সদস্যরা আনন্দিত। ভবিষ্যতেও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে ছোটমণি নিবাসের কর্মকর্তারা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুন পোশাক ও রঙিন খেলনা হাতে পেয়ে শিশুদের মধ্যে তৈরি হয় উৎসবের আমেজ। তাদের হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে ছোটমণি নিবাস প্রাঙ্গণ।