ছবি: সংগৃহীত
বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়া বহির্গমন ছাড়পত্রের জন্য প্রদেয় ‘কল্যাণ ফি’ বাড়ানো হয়েছে। এতদিন এই ফি ৩ হাজার ৫০০ টাকা থাকলেও আগামী ১ অক্টোবর থেকে দিতে হবে ৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ বাড়ছে ২ হাজার টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিত করতে ‘কল্যাণ ফি’ পুনর্নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়, বর্তমান মুদ্রামান (ডলার) ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে বিদেশগামী বা বিদেশে অবস্থানরত কর্মী কিংবা বিমানবন্দর থেকে আদায়যোগ্য ‘কল্যাণ ফি’ ২০১৫ সালে নির্ধারিত ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৫০০ টাকা করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, নতুন নির্ধারিত ফি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।