পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ–সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের দেশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ, মেট্রোপলিটন পুলিশ ও প্রশিক্ষণকেন্দ্রে পদায়ন করা হয়েছে।
সিলেট সংশ্লিষ্ট যেসব পরিবর্তন
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে এসএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলির আগের আদেশ বাতিল করে তাকে পুলিশ টেলিকম, ঢাকায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া আগের আরেক আদেশে পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে এপিবিএন থেকে এসএমপির উপপুলিশ কমিশনার পদে বদলির নির্দেশ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য পদায়ন
প্রথম প্রজ্ঞাপনে ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফাতিহা ইয়াসমিনকে এপিবিএনে পুলিশ সুপার এবং মোনালিসা বেগমকে রংপুর পিটিসিতে পুলিশ সুপার করা হয়েছে।
মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং মো. আবু হাসানকে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে ৬ কর্মকর্তাকে বদলি করা হয়। এতে হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট এবং অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে ৯ কর্মকর্তার পদায়ন করা হয়েছে। এর মধ্যে মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার এবং জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, এসব বদলি ও পদায়ন জনস্বার্থে তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।