সিলেটসহ দেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী চার দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ ইতোমধ্যে কিছুটা প্রশমিত হয়েছে, যা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেটেও বৃষ্টির প্রবণতা বাড়বে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। এ সময় মাঝারি থেকে ভারী এমনকি কোথাও কোথাও অতিভারী বর্ষণও হতে পারে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার পর্যন্ত সিলেটে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়ার ইঙ্গিত রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে শনিবার পর্যন্ত সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে, তবে আগের দিনের তুলনায় এর প্রবণতা কমে আসবে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।