চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ২ লাখ টাকা ঘুস গ্রহণকালে সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পাহাড়তলী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদক মেট্রো-১ এর আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
আটকরা হলেন- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং কার্যালয়ের উমেদার রূপন দাশ।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ জানান, এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে দাখিল করেন। দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও তা আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
দুদকের ভাষ্য, দলিল দুটি রেজিস্ট্রি করে দিতে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ২ লাখ টাকা ঘুস দাবি করেন। পরে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ জানান এবং জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ লিখিত আবেদন করেন।
অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান চালানো হয়। এ সময় ২ লাখ টাকা ঘুস গ্রহণকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম-১ জেলা কার্যালয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।
সূত্র- যুগান্তর