প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১১ (বুধবার)
‘অ/স্ত্র বানান, মা/র্ডা/র হলে আমি দেখব’: ইউপি চেয়ারম্যান

ফরিদপুরের সালথায় স্থানীয় একটি সভায় সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ ও হত্যাকাণ্ড নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’। ভিডিওটি উপজেলার উজিরপুর বাজারে অনুষ্ঠিত এক সভার বলে দাবি করা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লা। তিনি বলেন, এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পাদনা করা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, তার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যান রেখে দিয়েছে। চাইলে দলীয় লোকজন নিয়ে ভ্যানটি উদ্ধার করতে পারতেন, কিন্তু তিনি তা না করে পুলিশের সহায়তা নিচ্ছেন। এলাকায় শান্তি বজায় রাখতে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান বলেন, বিষয়টি তার জানা নেই। চেয়ারম্যান এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।


সূত্র- ইত্তেফাক