প্রকাশের মাত্র ছয় দিনেই ইউটিউবে কোটির বেশি ভিউ ছাড়িয়েছে নাটক ‘আপন পর’। গত ১৫ সেপ্টেম্বর মুক্তির পর থেকে নাটকটি ইতোমধ্যে এক কোটি ৭০ হাজারের বেশি দর্শন পেয়েছে এবং দর্শকদের প্রশংসায় ভাসছে।
রুবেল হাসানের পরিচালনায় নির্মিত নাটকটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন। ইউটিউবে প্রকাশের পর নাটকটি নিয়ে চার হাজারের বেশি মন্তব্য করেছেন দর্শকরা। তাদের অনেকেই জানিয়েছেন, আবেগঘন গল্প ও শিল্পীদের অভিনয় তাদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
একজন দর্শক নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ছোটবেলায় মায়ের বিচ্ছেদের কষ্ট এখনও তাকে কাঁদায়। আরেকজন লিখেছেন, পুরো নাটকজুড়ে চোখে পানি ছিল, মায়ের মতো কেউ হয় না, অথচ আমরা তাকেই অবহেলা করি।
আরেক দর্শকের ভাষ্য, যাদের মা নেই তারাই এ নাটকের কষ্টটা বেশি অনুভব করতে পারবেন। অনেকেই বিশেষভাবে তৌসিফ মাহবুবের অভিনয়ের প্রশংসা করেছেন, বিশেষ করে আবেগঘন দৃশ্যগুলোতে তার অভিনয়কে বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন।
নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। প্রথম কাজেই এই জুটি দর্শকদের ভালোবাসা কুড়িয়েছে। এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান ও সাকিবা বিনতে আলী।
নির্মাণশৈলী নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন দর্শকরা। অনেকেই বলেছেন, গল্পের উপস্থাপন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আবহ-সব মিলিয়ে নাটকটি একটি পূর্ণাঙ্গ আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠেছে।
দর্শকদের প্রত্যাশা, সময়ের সঙ্গে নাটকটির ভিউ আরও বাড়বে এবং এটি নতুন রেকর্ড গড়তে পারে।