প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪৪ (বুধবার)
সিলেটে সকালবেলা মিললো দুসংবাদ: আরো একজনের প্রাণহানী

সিলেটে হামের পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ জন সন্দেহজনক হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০০ জন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৫ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৭ জন এবং পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা পর্যায়ে কোম্পানীগঞ্জে ৫ জন, বিশ্বনাথে ৪ জন, বিয়ানীবাজারে ১০ জন, গোলাপগঞ্জে ৪ জন এবং ফেঞ্চুগঞ্জে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬৮ জন, ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪০ জন রোগী ভর্তি আছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৬৪ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন রয়েছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৮ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৬ জন রয়েছেন।

এদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে সিলেটে ৩৮৫, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।