সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ ৬৩ হাজার টাকার বেশি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজ, ১২০ বোতল মদসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়।
বিজিবির ভাষ্য, জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ দেশীয় পেঁয়াজ উৎপাদন হয়েছে। এ অবস্থায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশি পেঁয়াজ প্রবেশ করলে স্থানীয় কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারেন। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি তৎপর রয়েছে।
জব্দকৃত মালামাল সরকারি বিধি অনুযায়ী পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।