প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৮ (শুক্রবার)
শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়লো অজগর, দুই ঘণ্টার চেষ্টায় মুক্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ ধরার জালে শক্তভাবে পেঁচিয়ে পড়া একটি বিশাল আকৃতির অজগর সাপকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে অক্ষত অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের উকুলবেড়ির বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে উকুলবেড়ির বিলে স্থানীয় বাসিন্দা রুমন মিয়ার মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। সকালে বিষয়টি জানতে পেরে এলাকার সাবেক ইউপি সদস্য তাহের আলী বিষয়টি সংশ্লিষ্টদের জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। অজগরটি জালের ভেতর শক্তভাবে পেঁচিয়ে থাকায় উদ্ধারকাজ বেশ জটিল হয়ে ওঠে। পরে স্থানীয়দের সহযোগিতায় জাল কেটে সাপটিকে মুক্ত করার কাজ শুরু হয়।

প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর অজগরটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় জালমুক্ত করা সম্ভব হয়।

স্বপন দেব সজল বলেন, মাছ ধরার জালে আটকা পড়ে অজগরটির জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। তবে সময়মতো খবর পাওয়ায় সেটিকে নিরাপদে উদ্ধার করা গেছে।

উদ্ধারকৃত অজগরটিকে পরে শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।