প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:২৯ (শুক্রবার)
সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী জেলহাজতে

ছবি: সংগৃহীত

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০ নেতাকর্মীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৫ম আমলী আদালতে তাদের হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই ঘটনায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মোগলাবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃতদের অধিকাংশই সিলেট নগরীর তেররতন এলাকার বিভিন্ন কলোনির বাসিন্দা এবং তাদের মধ্যে বেশ কয়েকজন কিশোর রয়েছে। মামলায় পলাতক আসামি হিসেবে শাহপরাণ থানাধীন শিবগঞ্জ হাতিমবাগ এলাকার আব্দুল হামিদের (২৩) নাম উল্লেখ করা হয়েছে।

আটককৃতদের মধ্যে সাজু আহমদ (২১), জীবন মিয়া (২১), মাহবুবুর রহমান রনি (২০), তাজু ইসলাম নাহিদ (১৯), মো. রাসেল (১৬), সাকিব আল হাসান (১৬), শেখ রাব্বি (১৬), সুমন আহমদ (১৯), মামুন মিয়া (১৯), সায়েম আহমদ (১৯), ফয়জুল খন্দকার ও শেখ রবিনসহ (২০) মোট ৩০ জনকে গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় ছাত্রলীগের একদল নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুটি হাইয়েস মাইক্রোবাসসহ ৩০ জনকে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও দুটি গাড়ি ও মোটরসাইকেলে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের তেররতন, উপশহর, সোনারপাড়া, কুমারপাড়া ও দক্ষিণ সুরমাসহ সিলেটের বিভিন্ন এলাকা থেকে শনাক্ত করা হয়েছে।

মোগলাবাজার থানা পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।