জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে মোট ৪০ জন কর্মকর্তা কাজ করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাইমা রহমান আইন কর্মকর্তা হিসেবে কার্যালয়ের বিভিন্ন আইনি বিষয় তদারকি করবেন। একই কার্যালয়ে উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম। এছাড়া মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা স্বল্পোন্নত দেশ বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তাঁর সভাপতিত্বে একই অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে।
জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন এবং যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন।
জাতিসংঘ সূত্রে জানা গেছে, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি সংস্থাটির নিয়মিত কর্মী নন। তাঁর বেতন-ভাতা ও সংশ্লিষ্ট ব্যয় সাধারণত নিজ দেশের সরকার বহন করে থাকে; কিছু ক্ষেত্রে জাতিসংঘের বাজেট বা ট্রাস্ট ফান্ড থেকেও ব্যয় মেটানো হয়।