প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৬ (রবিবার)
সিলেটে স্বপন ও আবুলকে ধরলো পুলিশ: সাথে যা মিললো

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) পৃথক সময়ে পরিচালিত এসব অভিযানে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টায় জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের কালীগঞ্জ পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি কানাইঘাট উপজেলার জুলাই মাঝর চটি এলাকার মৃত আব্দুল মালিকের ছেলে মো. হাসান মাহমুদ ওরফে আবুল (৩৮)।

এছাড়া একইদিন দুপুরে জকিগঞ্জ থানাধীন ৪ নম্বর খলাছড়া ইউনিয়নে চেকপোস্ট বসিয়ে ৬০০ পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চান্দশ্রীকোনা এলাকার মৃত ইব্রাহিম আলী ওরফে ইবই মিয়ার ছেলে মো. ছমির আহমদ ওরফে স্বপন (৩৮)। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।