ছবি: সংগৃহীত
দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে একক (ব্যক্তিগত) পদক জয়ের গৌরব অর্জন করেছেন উশুকা জিন্নাত আক্তার। জাপানের আইচিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে উশুর ৫২ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছেন এই ক্রীড়াবিদ।
পদক জয়ের গৌরব নিয়ে শুক্রবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকায় ফেরেন জিন্নাত আক্তার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
জিন্নাতকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বাংলাদেশ উশু ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এই পদকের মধ্য দিয়ে দীর্ঘ চার দশকের অপেক্ষারও অবসান হলো বাংলাদেশের। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেনের একক পদক জয়ের পর এবারই প্রথম কোনো বাংলাদেশি ক্রীড়াবিদ এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক অর্জন করলেন।
জিন্নাতকে বিমানবন্দরে স্বাগত জানাতে এসে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী বলেন, জিন্নাত আক্তারের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। দীর্ঘ ৪০ বছর পর এশিয়ান গেমসে কোনো বাংলাদেশি ক্রীড়াবিদের ব্যক্তিগত পদক অর্জন নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা। তাঁর এই সাফল্য দেশের তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, জিন্নাতের মতো আরও প্রতিভাবান ক্রীড়াবিদ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবেন। তাঁর ভবিষ্যৎ সাফল্যের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
জিন্নাতের ব্রোঞ্জ তাই শুধু একটি পদক নয়, বাংলাদেশের এশিয়ান গেমসের ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর নতুন একটি অধ্যায়ের সূচনাও।