প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৫ (রবিবার)
জাফলংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে সড়ক পরিবহন আইন অমান্য ও জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সড়ক পরিবহন আইন লঙ্ঘনের অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন কেন্দ্র জাফলংয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় এই বিশেষ অভিযান চালানো হয়। আদালতের কার্যক্রম শেষে জাফলংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় স্থানীয়দের অবৈধভাবে বালু উত্তোলন ও নদী রক্ষা আইন ভঙ্গের কুফল সম্পর্কে অবহিত করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহায়তা প্রদান করে।