প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০০:১৯ (রবিবার)
ড্রেনে লুকিয়েও শেষ রক্ষা হলোনা আ.লীগ নেতার

রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র মোহাম্মদ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের ভেতরে বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান করছিলেন। বিকাল ৪টার দিকে অভিযান শুরু হলে একে একে তাদের হাতকড়া পরিয়ে বের করে প্রিজন ভ্যানে তোলা হয়।

অভিযানের সময় এক নেতাকে ড্রেনে লুকিয়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে টেনে তুলে আটক করে।

এর আগে খবর পেয়ে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন। পরবর্তীতে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন।

পরে আটক ব্যক্তিদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।