ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের স্থবিরতা ও নানা অনিয়মের অভিযোগে সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে আগামী এক কার্যদিবসের মধ্যে প্রত্যাহারের কঠোর নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় তিনি এই আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের সিভিল সার্জন হিসেবে ডা. মামুনুর রহমান যোগদানের পর থেকেই জেলার চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমে চরম অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, সরকারি ওষুধ বিতরণে অনিয়ম এবং সাধারণ রোগীদের হয়রানির অভিযোগ ক্রমাগত বাড়তে থাকে। ভুক্তভোগী সাধারণ মানুষ ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে এসব অনিয়মের বিষয়ে লিখিত ও মৌখিকভাবে মন্ত্রীকে অবহিত করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন।
সভার এক পর্যায়ে মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং অভিযুক্ত সিভিল সার্জনের বিরুদ্ধে অনতিবিলম্বে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
মন্ত্রীর নির্দেশের পর স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নিশ্চয়তা প্রদান করেছে। এ বিষয়ে দু-এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না। কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার মাধ্যমে মৌলভীবাজারকে একটি মডেল জেলায় রূপান্তর করার ঘোষণা দেন তিনি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মো. মুজিবুর রহমান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।