প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০০:০১ (সোমবার)
সিলেটে আজ ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবেনা যেসব এলাকায়

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

রবিবার (২৭ সেপ্টেম্বর) জৈন্তাপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান বলেন, সড়ক উন্নয়ন কাজ ও ১১ কেভি জাফলং ফিডার বিভাজন কার্যক্রমের কারণে এই সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এর ফলে আলুবাগান থেকে মামার বাজার পর্যন্ত বিস্তৃত এলাকায় গ্রাহকরা নির্ধারিত সময়জুড়ে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত থাকবেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ শেষ হওয়া মাত্র দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।