প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৯ (মঙ্গলবার)
সিলেটে নদীর পাড়ে মিললো লুট হওয়া রাইফেলের গুলি, গ্রেনেড ও ম্যাগাজিন

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে সাফরি নদীর পাড় থেকে থানা থেকে লুট হওয়া থ্রি-নট-থ্রি রাইফেলের ১১১ রাউন্ড গুলি, দুটি রাইফেলের ম্যাগাজিন ও দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে এসআরবি-৯।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।

এসআরবি-৯-এর সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের নুরুল ইসলামের বসতবাড়ির সামনে সাফরি নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নদীর পাড়ে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি রাইফেলের ম্যাগাজিন, দুটি হ্যান্ড গ্রেনেড এবং থানা থেকে লুট হওয়া থ্রি-নট-থ্রি রাইফেলের ১১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে উদ্ধার হওয়া আলামতের সঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-৯ জানিয়েছে, উদ্ধার হওয়া দুটি হ্যান্ড গ্রেনেড বিস্ফোরক দ্রব্য হওয়ায় বিধি অনুযায়ী সিলেটের বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অন্যান্য আলামত জিডিমূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।