প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৮ (বৃহস্পতিবার)
সিলেটের তরুণ সাংবাদিক তুহিন না ফেরার দেশে

ছবি: সংগৃহীত

সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিন আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক তুহিনুল হক তুহিন সিলেট মহানগরের সাদাপাড়ার আল-আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসার মৃত নুরুল হকের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৭ বছর। তিনি গত কয়েক বছর ধরে কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন।

মরহুমের জানাযার নামাজ আজ বাদ জোহর সাদারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

তুহিনুল হক তুহিনের মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। কাজ করেছেন জাতীয় ও স্থানীয় জনপ্রিয় বেশ কয়েকটি গণমাধ্যমে। সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, অপরাধ ও জনস্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেছেন তুহিনুল হক তুহিন। 


জেলা প্রেসক্লাবের শোক :

সদস্য তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তায় বলেন- তুহিন ছিলেন প্রতিভাবান এক তরুণ সাংবাদিক। তাঁর এই অবেলায় চলে যাওয়া সাংবাদিক অঙ্গনের জন্য এক বড় দুঃসংবাদ। এই শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। পাশাপাশি তুহিনুল হক তুহিনের শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

 

সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক

বাংলা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় সিসিক প্রশাসক বলেন, সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি।