প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩০ (বুধবার)
হঠাৎ সিলেটসহ বিভিন্ন উপজেলার ৬৮ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার

দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাকে হঠাৎ প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সোমবার জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারের আগে তারা নিজ নিজ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগে ন্যস্ত করা হয়েছে তা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি গেজেটের পরবর্তী সংখ্যায় প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসকে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মাঠ প্রশাসনে সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভূমি ব্যবস্থাপনা, রাজস্ব আদায়, নামজারি ও ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট সূত্র বলছে, নিয়মিত পদায়ন প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।