প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:১৩ (বুধবার)
সিলেটের প্রতিটি স্কুলে হবে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কার্যক্রম

সিলেটকে প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে সিলেট সিটি করপোরেশন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে জিওসাইকেল সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিসিক ও লাফার্জহোলসিম বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, সিলেটকে সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে ব্যক্তি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ জরুরি এবং এ বিষয়ে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে শহরের প্রতিটি স্কুলে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

তিনি জানান, গত বছর জিওসাইকেল প্রকল্পের আওতায় সিসিকের প্রায় ১০ হাজার টন প্লাস্টিক নিরাপদে কো-প্রসেস করা হয়েছে। ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়ানো হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, এ উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করে তা পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

লাফার্জহোলসিম বাংলাদেশের জিওসাইকেল বিভাগের প্রধান লতিফুর রহমান বলেন, সিসিকের সঙ্গে যৌথভাবে বর্জ্য ব্যবস্থাপনায় কাজ চলছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করা গেলে সিলেটকে প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ অন্যান্যরা।

শেষে জিওসাইকেল সপ্তাহ ২০২৬ উপলক্ষে ‘প্লাস্টিক দূষণমুক্ত নগরী’ বিষয়ে আয়োজিত দেয়াল লিখন প্রতিযোগিতার বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।