প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৪০ (বুধবার)
দুর্গাপূজা ও প্রবারণায় অনুদান বাড়ল, সঙ্গে বাড়ল ছুটিও

ছবি: সংগৃহীত

সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের দুর্গাপূজায় পূজামণ্ডপগুলোর জন্য সর্বোচ্চ ৫ কোটি টাকা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দেওয়া হবে। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ড. সালেহ শিবলী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

ড. সালেহ শিবলী বলেন, সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদান বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, অতীতের কোনো সরকার এ পরিমাণ অনুদান দেয়নি। তিনি এটিকে অসাম্প্রদায়িক দেশ গড়ার পদক্ষেপের অংশ হিসেবে উল্লেখ করেন।

এবার দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে। এর আগে এ খাতে সর্বোচ্চ ৪ কোটি টাকা অনুদান দেওয়া হতো।

অন্যদিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুদান বাড়িয়ে ৩ কোটি টাকা করা হয়েছে। আগে এ অনুদানের পরিমাণ ছিল সর্বোচ্চ ২ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, আগামী ২৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান অনুষ্ঠানে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, দুর্গাপূজা ও প্রবারণা উপলক্ষে বর্তমান সরকার অতীতের যেকোনো সরকারের তুলনায় বেশি বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ছুটিও বাড়ানো হয়েছে।

টানা পাঁচ দিনের ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার আরও একদিন যুক্ত হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে।

এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্গাপূজা উপলক্ষে আলাদা করে আর কোনো ছুটি নেওয়ার প্রয়োজন হবে না।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপের জন্য ২ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হতো। অন্তর্বর্তী সরকারের সময়ে তা বাড়িয়ে ৪ কোটি টাকা করা হয়। এবার তা আরও বাড়িয়ে ৫ কোটি টাকা করার সিদ্ধান্ত হয়েছে।