প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০০:২২ (বুধবার)
সিলেটে গ্রেফ/তার সাবেক মেয়রের পুত্র

সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ বখ্ত রাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক আইনজীবীর বাসা থেকে তাকে আটক করা হয়। পরে কঠোর নিরাপত্তায় সুনামগঞ্জে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কয়েকদিন ধরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয়। তথ্যের ভিত্তিতে সোমবার রাত থেকে শাহপরাণ থানা এলাকার ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এটি তার নানার বাড়ি।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, বিকেলে তাকে থানায় আনা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রাদ সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। সুনামগঞ্জ শহরের হাজীপাড়া এলাকায় সার্কিট হাউজের সামনে এবং শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নতুনপাড়ায় মিছিল আয়োজনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া নাশকতার চেষ্টা ও নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হবে।

রাদ সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখ্ত জগলুলের ছেলে এবং জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিনের ভাতিজা। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হলেও ওই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দায়িত্বে ছিলেন।