প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৭ (বৃহস্পতিবার)
সিলেটে বাণিজ্যমন্ত্রী: উন্নয়নকাজে অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের নজরদারি

সিলেটে উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে স্থানীয় বাসিন্দাদের নজরদারির আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, কোনো এলাকায় উন্নয়নকাজ হলে কাজের মান ও অগ্রগতি নিজের স্বার্থেই স্থানীয়দের নিয়মিত তদারকি করা উচিত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরের কানশাইলে সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ প্রায়ই শোনা যায়। এসব প্রতিরোধে স্থানীয়ভাবে কমিটি গঠন করে কাজের তদারকি করা যেতে পারে। ওই কমিটিতে মসজিদের ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রকৌশলী ও এলাকার সচেতন নাগরিকদের রাখা যেতে পারে।

তিনি বলেন, ‘আপনারা সময় সময় দেখবেন কেমন কাজ হচ্ছে। নিজের অধিকার আদায়ে নিজেকেই সচেতন হতে হবে।’

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সুরমা নদী ও চেঙ্গেরখালের ভাঙন প্রতিরোধ তাদের নির্বাচনী অঙ্গীকারের অংশ। দায়িত্ব নেওয়ার পর সংশ্লিষ্টদের নিয়ে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে জরুরি ও স্থায়ী সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, সুরমা নদীর মীরের চক, মেন্দিবাগ, কানশাইল, টুকের বাজার ও মীরেরগাঁও এলাকায় তীর প্রতিরক্ষা কাজ করা হবে। পাশাপাশি কুশিয়ারা, বাসিয়া, গোয়াইন ও সারি-গোয়াইন নদীতেও পুনঃখনন ও তীর সংরক্ষণ কাজের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, এ প্রকল্পগুলোর কাজ পর্যায়ক্রমে শুরু হবে। সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে, যার আওতায় সুরমা নদীর দুই তীরে বাঁধ ও সড়ক নির্মাণ করা হবে।

তিনি বলেন, এসব অবকাঠামো শুধু বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় নয়, নগরবাসীর জন্য হাঁটার স্থান ও পর্যটন সম্ভাবনাও তৈরি করবে।

পরে সদরখলা এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। জ্বালানি ও অন্যান্য সহায়ক খাত নিয়েও সরকার কাজ করছে।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সুরমা নদীর ড্রেজিংসহ অন্যান্য সংস্কার কাজও পর্যায়ক্রমে চালু থাকবে।

কিশোর গ্যাংয়ের তৎপরতা সম্পর্কে তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করা গেলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।