বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশ নিতে আগামী ১ অক্টোবর থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
দেশের শিশু-কিশোররা অভিনয়, বক্তৃতা, নৃত্য, সংগীত এবং হামদ-নাত- এই পাঁচ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিনয় বিভাগে রয়েছে অভিনয়, আবৃত্তি ও গল্পবলা। বক্তৃতা বিভাগে রয়েছে উপস্থিত বক্তৃতা।
নৃত্য বিভাগে প্রতিযোগিতা হবে সাধারণ/মিশ্র নৃত্য, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য এবং দলীয় নৃত্যে। দলীয় নৃত্যে সর্বোচ্চ পাঁচজন সদস্য অংশ নিতে পারবেন।
সংগীত বিভাগে রয়েছে ছড়াগান, দেশাত্মবোধক গান, আধুনিক গান, নজরুল সংগীত, দলীয় নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকসংগীত ও যন্ত্রসংগীত। এর মধ্যে ছড়াগান শুধু ‘ক’ শাখার এবং আধুনিক গান শুধু ‘খ’ শাখার প্রতিযোগীদের জন্য নির্ধারিত।
পঞ্চম বিভাগ হামদ-নাতে রয়েছে হামদ-নাত ও ক্বিরাত। তবে ক্বিরাত প্রতিযোগিতা পৃথক একটি শাখায় অনুষ্ঠিত হবে।
বয়সের ক্ষেত্রে প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় আবেদনের শেষ তারিখে প্রতিযোগীর বয়স ৬ বছর থেকে ১১ বছরের কম হতে হবে। ‘খ’ শাখায় বয়স হতে হবে ১১ বছর থেকে ১৫ বছর। উভয় শাখায় ছেলে ও মেয়ে প্রতিযোগীরা অংশ নিতে পারবে।
ক্বিরাত প্রতিযোগিতায় বয়সসীমা ১২ বছর থেকে ১৭ বছরের কম।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইনে- যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক বিষয়ে অথবা দলীয় বিষয়সহ সর্বোচ্চ চারটি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
আবেদনপত্র পূরণ, প্রতিযোগিতার ভেন্যু এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং ‘নতুন কুঁড়ি-২০২৬’-এর নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।
আগ্রহীরা বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট এবং ‘নতুন কুঁড়ি-২০২৬’ ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।